
শহর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ মোড় চিংড়িঘাটায় অবশেষে শুরু হতে চলেছে থমকে থাকা মেট্রোর কাজ। তবে এই কাজের জেরে যান চলাচলে কিছুটা রদবদল করা হচ্ছে।
অফিসযাত্রীদের জন্য স্বস্তির খবর এটাই যে, ৩৬৬ মিটারের এই বকেয়া অংশটির নির্মাণ শেষ হলেই গড়িয়া থেকে বিমানবন্দর, সেক্টর ফাইভ হয়ে যাতায়াত হবে আরও দ্রুত। রাজনৈতিক টানাপড়েন আর আইনি জট কাটিয়ে অবশেষে সবুজ সংকেত মেলায় খুশির হাওয়া নিত্যযাত্রীদের মনে। কবে থেকে শুরু কাজ ও ট্রাফিক বিধি শুক্রবার রাত থেকেই এই রুটের নির্মাণকাজ শুরু হয়ে যাবে, এমনটাই জানাচ্ছে মেট্রো রেল সূত্র। তবে ব্যস্ত ইএম বাইপাসের যানজটের কথা মাথায় রেখে বিশেষ ট্রাফিক পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতি সপ্তাহের শুক্রবার, শনিবার এবং রবিবার রাতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই বিধি কার্যকর থাকবে। সব পরিকল্পনা মতো এগোলে পুজো বা বড়দিন নাগাদ মেট্রো পরিষেবা শুরু হয়ে যেতে পারে বলে খবর।






