
বিধানসভায় সই জাল কাণ্ডে টানা দু’দফার ম্যারাথন জেরা এবং বিধায়কদের সঙ্গে জিজ্ঞাসাবাদের পর সোমবার দুপুর পৌনে দুটো নাগাদ বিধানসভায় হানা দিয়েছেন সিআইডি আধিকারিকরা। তদন্তকারী সংস্থার মূল লক্ষ্য-বহু বিতর্কিত সেই রেজোলিউশন কপি উদ্ধার করা, যার হদিশ পেতে বিগত কয়েকদিন ধরে কার্যত গলদঘর্ম হচ্ছেন গোয়েন্দারা।
জেরার অসংগতি ও সিআইডির তৎপরতা তদন্তের স্বার্থে ইতিমধ্যেই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু’বার তলব করেছে সিআইডি। সূত্রের খবর, গত রবিবার বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে অভিষেককে মুখোমুখি বসিয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখনই তদন্তকারীদের মনে একাধিক সন্দেহ তৈরি হয়। অভিষেকের বয়ানে বারবার অসঙ্গতি মেলায় গোয়েন্দারা সন্তুষ্ট নন।এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন সংলগ্ন তৃণমূল কার্যালয়ে এই রেজোলিউশন কপির খোঁজে ব্যাপক তল্লাশি চালানো হলেও তদন্তকারীরা খালি হাতেই ফিরেছিলেন। অভিষেককে বারবার এই নথির অবস্থান নিয়ে প্রশ্ন করা হলেও, তিনি সদুত্তর না দিয়ে এড়িয়ে গেছেন বলে খবর।
এই পরিস্থিতিতে সই জাল কাণ্ডের মূলে পৌঁছাতে এবং ঘটনার সূত্রপাত কোথায়— তা জানতেই স্পিকারের সচিবালয়ের তথ্য ও রেজোলিউশন কপির খোঁজে সিআইডি-র এই বিধানসভা অভিযান। পাশাপাশি বিধানসভায় পৌঁছেছেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তও।
