
ইংলিশ প্রিমিয়ার লিগের,ইপিএল-র মিড উইক ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে পয়েন্ট খুঁইয়েছে ম্যানচেস্টার সিটি। এতে করে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে পারল না পেপ গার্দিওলার দল।
ম্যাচে দু’বার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে সিটি। ৩১ মিনিটে অ্যান্টোনি সেমেনিওর দারুণ এক ভলিতে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় হাফের শুরুতে সমতায় ফেরে নটিংহ্যাম। নটিংহ্যামকে সমতায় ফেরান গিবস ওয়াইট।দ্বিতীয় গোল পেতে সিটিকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। গোল হজম করার ছ’ মিনিট পর,৬২ মিনিটে সিটিকে দ্বিতীয় গোলের স্বাদ দেন রদ্রি। ৭৬ মিনিটে অসাধারণ এক গোল করে নটিংহ্যামকে আবারও সমতায় ফেরান এলিয়ট অ্যান্ডারসন। বাকি সময়ে আরও কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।
এর ফলে ২৯তম ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। তাদের থেকে এক ম্যাচ ও ৭ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল। এদিকে ২৯ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে নটিংহ্যাম।







