পাঁশকুড়ায় চিপসকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

0
222
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় চিপসকাণ্ডে শেষপর্যন্ত গ্রেফতার হয়েছেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিত। রবিবার রাতে শুভঙ্করকে কোলাঘাটের জিদায়া থেকে গ্রেফতার করেছে পাঁশকুড়া থানার পুলিশ। অভিযুক্ত সিভিকের গ্রেফতারির খবরে কান্নায় ভেঙে পড়েছেন মৃত কিশোরের মা।

তিনি জানিয়েছেন দীর্ঘদিন ওই সিভিক কর্মী গ্রেফতার না হওয়ায় পুলিশের ওপর ভরসা উঠে যাচ্ছিল। তিনি চান অভিযুক্ত-র কড়া শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন। পাঁশকুড়া থানার পুলিশ রবিবার রাত দেড়টা নাগাদ শুভঙ্করের মোবাইল টাওয়ার লোকেশন পায় কোলাঘাটের দেউলিয়ার ১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। তা ধরেই শুভঙ্করকে পুলিশ জিয়াদা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে। সোমবার তমলুক জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সপ্তাহখানেক আগে পাঁশকুড়ার কেশাপাট পঞ্চায়েতের গোঁসাইবেড় গ্রামের বাসিন্দা ওই কিশোর চিপস কিনতে শুভঙ্করের দোকানে গিয়েছিল। কিন্তু সেই সময় দোকানে কেউ ছিল না। ডাকাডাকি করেও কারও দেখা না পেয়ে দোকানের সামনে পড়ে থাকা একটি চিপসের প্যাকেট তুলে নিয়েছিল।

অভিযোগ এরপরেই সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর তাঁর পিছু ধাওয়া করে ওই কিশোরকে চোর অপবাদ দেয়, ভরা বাজারে কান ধরে ওঠবোস করায়। অপমানে বাড়ি ফিরে আত্মঘাতী হয় ওই কিশোর। সে চুরি করেনি বলে মাকে একটি সুইসাইড নোটও দেয়।