
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। সংসদে দাঁড়িয়ে এমনই দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
সোমবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেছেন, বাংলাদেশের উন্নয়নের জন্য সে দেশের পরিস্থিতির উন্নতি হওয়া প্রয়োজন। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে নৃশংসতা চলছে তা বন্ধ হওয়া উচিত। কিছু মানুষ বাংলাদেশে হিংসাকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। অর্থনৈতিক টানাপোড়েন থেকে বেরিয়ে আসতে বাংলাদেশের প্রয়োজন ভারতের সমর্থন।ভারতের প্রতিবেশী বাংলাদেশ। তেমনই বাংলাদেশের প্রতিবেশী ভারত। এই সত্য কেউ পরিবর্তন করতে পারবে না। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিরোধী জোট ইন্ডিয়াকে তিনি নেতৃত্ব দিতে প্রস্তুত। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবেন কিনা, তাতে কিছু যায় আসে না।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাজ্যকে ধ্বংস করে দিয়েছেন। যদি ইন্ডিয়া জোটের নেতারা দেশকে ধ্বংস করতে চায় তাহলে তাঁকে জোটের নেতৃত্ব দিতে হবে।








