
আসানসোলের নিয়ামতপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। গোটা ঘটনাটাই সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজ দেখে প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, জমি বিবাদের কারণেই এই খুন। ঘটনাটি আসানসোলের কুলটি থানার নিয়ামতপুরের রহমান পাড়ায় ঘটেছে।
কুলটি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, নিহত ব্যক্তির বছর ৫৫-র জাভেদ বারিক। তিনি আসানসোল পুরনিগমে অস্থায়ী কর্মী ছিলেন। শুক্রবার রাতে রহমান পাড়ায় জাভেদকে লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী। গোটা ঘটনাটাই সিসি ক্যামেরায় ধরা পড়েছে। দেখা যায়, ওই দুই দুষ্কৃতী মোটরবাইকে ছিল। তারা রাস্তার ধারে জাভেদের জন্য অপেক্ষা করছিল। এর পর জাভেদকে দেখামাত্রই তাঁর পিছু নেয় ওই দু’জন। খুব কাছ থেকে জাভেদকে লক্ষ্য করে তাঁর মাথায় গুলি চালায় তারা। ঘটনার পর দ্রুত বাইক চালিয়ে পালিয়ে যায় ওই দু’জন। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান ওই ব্যক্তি। স্থানীয়েরা গুলিবিদ্ধ অবস্থায় জাভেদকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কুলটি থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্তে শুরু করেছে তারা।এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার ও ৩ জনকে আটক করেছে পুলিশ। গ্রেফতার হওয়া যুবক নিহতের খুড়তুতো ভাই বলে জানা গিয়েছে।









