
নেতাজির জন্মদিবসকে স্মরণীয় করতে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের নতুন নামকরণের জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়েছেন কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা।
প্রাক্তন সাংসদের আবেদন, আন্দামান এবং নিকোবর নামের সঙ্গে এখনও ঔপনিবেশিকতা জড়িয়ে রয়েছে। সেই দাসত্বের ইতিহাস মুছে ফেলে আন্দামান এবং নিকোবরের পরিবর্তে দ্বীপপুঞ্জের নাম রাখা হোক,আজাদ হিন্দ। উল্লেখ্য বিআরএস থেকে বহিষ্কৃত নেত্রী কবিতা বর্তমানে তেলেঙ্গানা জাগৃতি নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত। সাংস্কৃতিক ঐতিহ্য বাঁচিয়ে রাখার লক্ষ্যে এই সংগঠনটি কাজ করে। সেই সংগঠনের প্রেসিডেন্ট পদে রয়েছেন প্রাক্তন সাংসদ কবিতা। নেতাজির জন্মদিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর দপ্তরকে তিনি চিঠি লিখেছেন। তাঁর কথায়, সম্প্রতি ২০১৮ সালে রস, নিল এবং হ্যাভলক দ্বীপের নতুন করে নামকরণ করা হয়েছে।
কিন্তু দ্বীপপুঞ্জের নাম এখনও বদলায়নি। এখনও ব্রিটিশ ঔপনিবেশিকতার ছাপ রয়েছে সেই নামে। সেই দাসত্বের ইতিহাস মুছে ফেলতে সাংবিধানিক পদ্ধতিতে কাজ শুরু করা উচিত মোদির দপ্তরের, আর্জি কবিতার।
