গোঘাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, দু’পক্ষের একাধিক আহত

0
239
ছবি সৌজন্যে : নিজস্ব
উৎসবের মরসুমে হুগলির গোঘাট ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। জমিজায়গা নিয়ে গোঘাটের থানার কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চাকলা গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হয়েছেন একাধিক ব্যক্তি।
ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, তৃণমূল কর্মী শেখ ইলিয়াসের সঙ্গে বুথ সভাপতি মীর হানিফের দীর্ঘদিন ধরে জমিজায়গা নিয়ে বিবাদ চলছিল। অভিযোগ, ইলিয়াসের বাড়ি নির্মাণকাজ চলার সময় হানিফের অনুগামীরা সেখানে চড়াও হয়। ধারাল অস্ত্র ও বাঁশ নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ইলিয়াস পরিবারের। অন্যদিকে, পাল্টা অভিযোগ তুলেছেন মীর হানিফ। তাঁর দাবি, আদালতের নির্দেশ উপেক্ষা করে ইলিয়াস বাড়ি তৈরি করছিল। বাধা দিতে গেলে উল্টে মারধর করা হয়।
ফলে সংঘর্ষে উভয় পক্ষের একাধিক ব্যক্তি জখম হন। আহতদের ভর্তি করা হয়েছে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে। গোঘাট থানায় অভিযোগ দায়ের হয়েছে।