
নাবালক খুনের ঘটনায় ফের উত্তপ্ত বারুইপুর।নাবালক খুনের ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকেই এলাকা অগ্নিগর্ভ ছিল। সেই উত্তেজনার আঁচে তপ্ত হয় রাতও।
সপ্তম শ্রেণির ওই নাবালক মামার বাড়ি বেড়াতে গিয়েছিল। মামার বাড়ির পাশে একটি আশ্রম রয়েছে। অভিযোগ, সেখান থেকেই তাঁকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ওই নাবালককে বাঁচানো যায়নি। এই ঘটনায় কয়েকশো মানুষ উত্তরভাগের দমদমা এলাকায় ওই আশ্রমের দরজা ভেঙে ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ।এদিকে, পরে মৃত কিশোরের দেহ এসে পৌঁছয় ওই আশ্রম চত্বরে। তাতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন জনতা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি ক্যানিং থানার পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। গ্রামবাসীদের দাবি অবিলম্বে অভিযুক্তকে ধরতে হবে। আশ্রম কর্তৃপক্ষের কোনও মন্তব্য এখনও পাওয়া যায়নি।
