
স্কুলে মারধর ও অপমানের পরই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে অষ্টম শ্রেণির এক ছাত্রী। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মাটিগাড়ায়। পুলিশ সূত্রে খবর, মৃত কিশোরী প্রিয়া রায়।
মৃত ছাত্রীর দাদুর অভিযোগ, শনিবার নবম শ্রেণিতে ভর্তির জন্য স্কুলে গিয়েছিল প্রিয়া। কিন্তু তাকে ভর্তি না নিয়ে একটি ঘরে আটকে রেখে অপমান করা হয়। বাড়িতে ফিরে এসে মানসিকভাবে ভেঙে পড়ে ওই কিশোরী এবং তার পরেই আত্মহত্যার পথ বেছে নেয় বলে অভিযোগ পরিবারের। পরিবারের দাবি, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। অভিযোগ অস্বীকার করেছেন মাটিগাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেবযানী বর্ধন। তাঁর দাবি, ওই ছাত্রীকে কোনও মারধর করা হয়নি। প্রিয়ার মা সুনীতা বর্মন মাটিগাড়া থানায় মাটিগাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এই ঘটনার প্রতিবাদে রবিবার স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে থানার সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পুলিশের আশ্বাসে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ জানিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
