
রাজ্যে পালাবদলের পর এই প্রথমবার মহাসাড়ম্বরে বাংলায় পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। বিশেষ দিনে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পূর্বতন তৃণমূল সরকারকে তোপ দেগে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিগত সরকার শুধুমাত্র নিজস্ব ভোটব্যাঙ্ক রক্ষা এবং নির্লজ্জ তোষণের রাজনীতি চরিতার্থ করার জন্য এই পবিত্র দিনটির গুরুত্বকে সম্পূর্ণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। ইতিহাসের পাতা থেকে বাঙালির এই আত্মপরিচয়ের লড়াইকে মুছে ফেলার অপচেষ্টা করা হয়, যাতে মানুষ নিজের শিকড় এবং পশ্চিমবঙ্গ সৃষ্টির নেপথ্যের প্রকৃত নায়কদের ভুলে যান। এদিকে, পশ্চিমবঙ্গ দিবসে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল আর এন রবি। এক্স হ্যান্ডেলে লোকভবনের তরফে লেখা হয়েছে পশ্চিমবঙ্গ গঠন দিবসের আন্তরিক শুভেচ্ছা! এই মহিমান্বিত দিনটি বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, আধ্যাত্মিক জাগরণ, বৌদ্ধিক নবজাগরণ এবং ভারতের সভ্যতাগত অভিযাত্রায় তার সুগভীর অবদানের এক গৌরবময় উদযাপন।
স্বামী বিবেকানন্দের জাতীয় জাগরণের কালজয়ী আহ্বান, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি বন্দে মাতরম এবং পশ্চিমবঙ্গকে ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে সুনিশ্চিত করার ক্ষেত্রে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির দৃঢ় ও দূরদর্শী নেতৃত্ব, বাংলার এই সামগ্রিক অবদান আমাদের জাতীয় জীবনের গতিপথ নির্মাণে এক অনন্য ভূমিকার সাক্ষ্য বহন করে।
