
মুখ্যমন্ত্রীর শান্তির বার্তার দিনেই ফের অশান্ত সামশেরগঞ্জ, ধুলিয়ান। মুর্শিদাবাদে কয়েকদিনের অশান্তিতে কেউ পালিয়েছেন অন্য জেলায়, কারও আবার বাড়ি-দোকান হারিয়ে পথে বসার উপক্রম।
এই অবস্থায় ধুলিয়ান পুরসভার ভাইস চেয়ারম্যানের দাদার দোকান আগুনে ভস্মীভূত হয়েছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পোড়া চুড়ি, কসমেটিক্স। বুধবার সকালে ৫ নম্বর ওয়ার্ডের কসমেটিক্সের দোকানটি আগুন দেখতে পান স্থানীয়রা। তাঁদের দাবি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। যদিও জঙ্গিপুরের এসপি আনন্দ রায় দাবি করেছেন শর্ট সার্কিট থেকে দোকানে আগুন লেগেছে। প্রাথমিক তদন্তে এমনই তথ্য উঠে এসেছে। অন্যদিকে জঙ্গিপুর পুলিশ জেলার তরফেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করা হয়েছে দুর্ঘটনাবশত আগুন লেগেছে। এর পিছনে অশান্তির কোনও যোগ নেই। আর এদিনেই নেতাজি ইন্ডোরে ইমাম মোয়াজ্জেমদের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন পরিকল্পনা করেই সম্প্রদায়িক অশান্তি ছড়ানো হয়েছে।
এজন্য বিএসএফকেও কাঠগড়ায় তুলেছেন। অভিযোগ করেছেন কিছু বাচ্চা ছেলেকে ৫-৬ হাজার টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে বিএসএফ। ফেক নিউজ ছড়িয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি।
