
দার্জিলিং পাহাড়ে গোরখা সংক্রান্ত বিষয় দেখতে একজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারকে ইন্টারলোকিউটার হিসেবে নিয়োগ করেছে কেন্দ্র। কেন্দ্রের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কঠোর ভাষায় চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১৭ নভেম্বরের এই চিঠিতে মুখ্যমন্ত্রীর অভিযোগ-রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করেই কেন্দ্র একতরফাভাবে এই নিয়োগ করেছে। কেন্দ্রকে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি ১৮ অক্টোবরই প্রধানমন্ত্রীকে এ বিষয়ে প্রথম চিঠি পাঠিয়েছিলেন এবং পদক্ষেপ পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন। কিন্তু কোনও প্রতিক্রিয়া তো মিলেইনি, বরং ১০ নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়—ইন্টারলোকিউটরের অফিস ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, এই আচরণ সত্যিই বিস্ময়কর ও উদ্বেগজনক। এ ব্যাপারে স্পষ্ট বক্তব্য, দার্জিলিং রাজ্যেরই বিষয়, কেন্দ্রের নয়। চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন যে দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অংশ। গোরখা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্ট, ২০১১ অনুযায়ী পাহাড়ের প্রশাসনিক বিষয় রাজ্যের অধীনেই পড়ে।
সেই আইনে বলতে পশ্চিমবঙ্গ সরকারকেই বোঝায়। তাই পাহাড়ের বিষয়ে ইন্টারলোকিউটার নিয়োগ করার মতো ক্ষমতা কেন্দ্রের নেই বলেও চিঠিতে স্পষ্ট লিখেছেন মুখ্যমন্ত্রী।
