
ভোটমুখী বাংলায় পুজো অনুদান একলাফে ২৫ হাজার বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবছর প্রত্যেক ক্লাব ও পুজো কমিটিগুলো ১ লাখ ১০ হাজার টাকা পুজো অনুদান পাবে।
গত বছর ৮৫ হাজার টাকা করে পুজো কমিটিগুলোকে অনুদান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বিদ্যুতের বিলে পুজো কমিটিগুলোকে ৮০ শতাংশ ছাড় এবং ফায়ার লাইসেন্স ফি মকুবেরও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছেন বাংলার দুর্গাপুজো জাতীয় উৎসব , প্রাণের উৎসব । ছোট-বড় মিলিয়ে ৪৫ হাজার ক্লাবে দুর্গাপুজো হয়। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ২৮ সেপ্টেম্বর দুর্গাষষ্ঠী। ৫ অক্টোবর পুজো কার্নিভাল। ২, ৩ এবং ৪ অক্টোবর বিসর্জন হবে। কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের যেন সমন্বয় থাকে, তেমনই নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে মহিলাদের নিরাপত্তায় যাতে কোনও খামতি না থাকে তা নিয়ে সতর্ক করেছেন। পুজো উদ্যোক্তাদের অনেকেই মনে করেছিলেন এবার হয়ত অনুদানের পরিমাণ বাড়িয়ে ১ লাখ টাকা করা হবে।
অনুষ্ঠানে শেষে কৌতহল বাড়িয়ে মুখ্যমন্ত্রী উদ্যোক্তাদের উদ্দেশেই জানতে চান এবারে কত অনুদান পেলে খুশি হবেন। এরপর নিজেই দর কষাকষির স্টাইলে ৮৫, ৯০, ১ লাখের কথা বলে নিজেই জানিয়েছেন এবারে প্রত্যেকটি ক্লাব ১ লাখ ১০ হাজার টাকা করে অনুদান পাবে।
