
গতবার মাইক বন্ধ করার অভিযোগ তুলে নীতি আয়োগের বৈঠকের মাঝপতে বেরিয়ে গিয়েছিলেন। এবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে নীতি আয়োগের বৈঠক এড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার দিল্লির ভারত মণ্ডপমে বৈঠকে যোগ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা পৌঁছলেও গেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। অপারেশন সিঁদুরের পর মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এটাই প্রথম বৈঠক। এবারের বৈঠকে বিষয় ২০৪৭-এ বিকশিত ভারত গঠনের লক্ষ্যপূরণে বিকশিত রাজ্য তৈরি। এদিকে মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠক এড়ানোয় আক্রমণ করেছে বিরোধীরা। বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেছেন নীতি আয়োগের বৈঠক বয়কট করা কার্যত পশ্চিমবঙ্গকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া। যেখানে পশ্চিমবঙ্গ অর্থনৈতিক দিক থেকে একেবারে খাদের কিনারায় এসে ঠেকেছে। কেন্দ্র বিরোধিতার কারণে রাজ্যের স্বার্থকে বিসর্জন দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরি বলেছেন রাজ্যের দাবি আদায়ে বৈঠকে যোগ দেওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রীর।
কেন্দ্রের বিরোধিতা করতে হলে দিল্লিতে আন্দোলন করুন, কিন্তু বৈঠকে যোগ না দেওয়া কার্যত রাজ্যেরই ক্ষতি করছেন মুখ্যমন্ত্রী।
