
এসআইআর শুনানির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডোমিসাইল শংসাপত্র বাতিলের অভিযোগও তুলেছেন তিনি।
৩ তারিখের লেখা ৪ পাতার চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন এনুমারেশন পর্বে বিএলএ-রা যুক্ত থাকলেও শুনানি পর্বে বিএলএদের থাকতে দেওয়া হচ্ছে। না। বিএলএদের অনুপস্থিতিতে এসআইআর-র স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও চিঠি দিয়ে কমিশনকে সতর্ক করেছিলেন। ভুলভ্রান্তি শুধরে নেওয়ার অনুরোধ করেছিলেন। তাঁর অভিযোগ পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই এসত্যাইআর চলছে। এইসব অনিয়ম, খামতি দূর না করলে, পুরো এসআইআর প্রক্রিয়াটাই ব্যর্থ হবে। তিনি আরও লিখেছেন এভাবে এসআইআর প্রক্রিয়া চলতে থাকলে অপূরণীয় ক্ষতি হবে। চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন কোনও লিখিত বিজ্ঞপ্তি, সার্কুলার বা আইনি নির্দেশ ছাড়াই একের পর এক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যা সম্পূর্ণ স্বেচ্ছাচারী। এই ধরণের অনিশ্চয়তা ভোটারদের অকারণে নাম বাদ পড়ার ঝুঁকি বাড়াচ্ছে যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলে মনে করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ তথ্যপ্রযুক্তি অপব্যবহার করে ভোটারদের নাম ব্যাকএন্ডে মুছে ফেলা হচ্ছে। অথচ আইন অনুযায়ী ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসারদের বা ইআরও-র অনুমোদন বাধ্যতামূলক। চিঠিতে আরও বলা হয়েছে বিহারে যে নথিগুলো এসআইআর-র সময় বৈধ হিসেবে মানা হয়েছিল, পশ্চিমবঙ্গে হঠাৎ করে সেগুলো অগ্রাহ্য করা হচ্ছে।
এমনকি রাজ্যের দেওয়া ডোমিসাইল শংসাপত্রও গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এরফলে পরিযায়ী শ্রমিকরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।









