বরুণ বিশ্বাস খুনের বিচার চেয়ে জনতার দরবারে পরিবার 

0
15
ছবি সৌজন্যে : নিজস্ব
আগামীকাল ৫ জুলাই। ১৪ বছর আগে এই দিনেই গোবরডাঙায় দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস।
রাজ্যে পালাবদলের পর বরুণের খুনের বিচার চেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হলেন তাঁর পরিবার। বিচারের দাবিতে শনিবার মুখ্যমন্ত্রীর জনতার দরবারে আসেন বরুণের পরিবারের সদস্যরা। শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে তাঁরা নিজেদের দাবি জানাবেন। পরিবারের দাবি, তদন্তের নামে এতদিন প্রহসন হয়েছে। হাই কোর্টের অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির তত্ত্বাবধানে একটি সিট গঠন করে তদন্তেরও দাবি জানিয়েছেন তাঁরা। ২০১২ সালের ৫ জুলাই উত্তর ২৪ পরগনার গোবরডাঙা স্টেশন চত্বরে গুলি করে খুন করা হয় বরুণকে। তিনি কলকাতার মিত্র ইনস্টটিউশনের শিক্ষক ছিলেন। এই খুনের ঘটনায় নাম জড়ায় তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। পরিবারের অভিযোগ, তাঁর নেতৃত্বেও ১০০-১৫০ জন হামলা চালিয়ে বরুণকে খুন করেছে। এই ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে জেলেই একজনের মৃত্যু হয়। বাকিরা বর্তমানে জামিনে মুক্ত। কিন্তু প্রভাবশালী হওয়ায় সেই সময় জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ছাড়া পেয়েছেন অন্য অনেক অভিযুক্ত।
তদন্ত নিয়ে খুশি নন পরিবারের সদস্যরা। তাই রাজ্যে পালাবদলের পর নতুন করে তদন্ত শুরুর আর্জি জানাল পরিবার।