
মঙ্গলবার বারুইপুরে গিয়ে নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিরাপত্তার স্বার্থে তারা এলাকায় একটি পুলিশ ফাঁড়ির দাবি জানিয়েছিল।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা দিয়েছিলেন, ফাঁড়ি তৈরি হবে। চার দিনের মধ্যেই সেই ফাঁড়ি তৈরি হয়ে গেল। শনিবার পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই বারুইপুরে নাবালিকার মৃত্যুর পর গণপিটুনি ও হিংসায় উসকানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছে আরও পাঁচজন। তিনদিনে মোট ধৃত ৩৫। পুলিশ সূত্রে খবর, এলাকায় আরও ধরপাকড় চলছে। আগামী দিনে গ্রেপ্তারির সংখ্যাটা আরও বাড়তে পারে। প্রসঙ্গত, বারুইপুরের সূর্যপূরে নাবালিকা গত শনিবার থেকে নিখোঁজ ছিল। রবিবার সকালে পুকুর থেকে তার দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, গণধর্ষণের পর তাকে খুন করা হয়েছে। পুলিশি এনকাউন্টারে মৃত মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল। মঙ্গলবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, গণপিটুনিতে নিহত যুবক নির্দোষ। যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের কঠোর শাস্তি দেওয়া হবে, আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
সেই সময়েই এলাকার নিরাপত্তার স্বার্থে সূর্যপুরে একটি পুলিশ আউটপোস্টের দাবি জানিয়েছিল নির্যাতিতার পরিবার।অবশেষে শনিবার তার উদ্বোধন করা হবে।
