শিক্ষক শূন্য স্কুল, সোমে নজরে মুখ্যমন্ত্রীর বৈঠক

0
132
ছবি সৌজন্যে : নিজস্ব

২৬ হাজার চাকরি বাতিলে কার্যত স্কুলের বিজ্ঞান বিভাগ শিক্ষক শূন্য হয়ে পড়েছে মুর্শিদাবাদের ফরাক্কার অর্জুনপুর হাইস্কুলে। স্কুলের শিক্ষক সংখ্যা ৬৭ জন।

সুপ্রিম কোর্টের নির্দেশে পুরো প্যানেল বাতিল হওয়ায় ওই স্কুলের ৩৬ জন শিক্ষকের চাকরি গিয়েছে। এক ধাক্কায় এতজন শিক্ষকের চাকরি যাওয়ায় বিজ্ঞান বিভাগের কোনও শিক্ষকই স্কুলে আর নেই। কার্যত একই হাল মালদার পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয়ে। সেখানে শিক্ষক-শিক্ষাকর্মী মিলেয়ে ৩৯ জনের মধ্যে ১০ জনেরই চাকরি বাতিল হয়েছে। শুক্রবার তারা স্কুলে যোগ দেন নি। ফলে লাটে উঠেছে পঠন পাঠন। অন্যদিকে মুর্শিদাবাদের ভগবানগোলা উচ্চ বালিকা বিদ্যালয়ে ২১ জনের চাকরি গিয়েছে। একই ছবি দুর্গাপুরের নেপালি পাড়া হাইস্কুলে। সেখানে ২৪ জন শিক্ষকের মধ্যে ৮ জন শিক্ষকের চাকরি গিয়েছে। চন্দ্রকোনার জিরাট হাইস্কুলেও ৪ জন শিক্ষকের চাকরি যাওয়ায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের খাতা দেখা নিয়ে সঙ্কট তৈরি হয়েছে। এই অবস্থায় ৭ এপ্রিল সোমবার নেতাজি ইন্ডোরে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যাঁরা বঞ্চিত শিক্ষক অ্যাসোসিয়েশন তৈরি করেছেন, তাঁরা শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছেন যাতে তিনি তাঁদের কাছে যান। সোমবার তাঁদের কথা শুনতেই নেতাজি ইন্ডোরে সোমবার যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর।

এরইমধ্যে জেলায় জেলায় বৈঠক করেছেন চাকরিহারারা।মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যাবেন কিনা, বা সেখানে গেলে কি বক্তব্য রাখা হবে তা এই বৈঠকে ঠিক করা হচ্ছে।