
কুমিল্লা নগরীতে একটি মন্দিরে রেখে যাওয়া ককটেল বিস্ফোরণে পুরোহিত-সহ চারজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া-বাগানবাড়ী কালী গাছতলা শিব মন্দিরে এই ঘটনা ঘটে।
একই সময় পাশের দুটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে। শিব মন্দিরে বিস্ফোরণে আহত হয়েছেন পুরোহিত কেশব চক্রবর্তী এবং পাশের রাস্তায় ককটেল বিস্ফোরণে আহত হন আরও তিন জন।
তাদের কুমিল্লা জেনারেল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঠাকুরপাড়া শিব মন্দিরে সন্ধ্যায় শনি পুজো করছিলেন পুরোহিত-সহ কয়েকজন। এ সময় হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে মুখোশ পরা একজন ব্যাগ হাতে ওই মন্দিরে প্রবেশ করেন। তার পাশে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ব্যাগটি রাখার একপর্যায়ে মুখোশ পরা ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। এরপরই সেখানে বিস্ফোরণ ঘটে।









