বছর শেষে রেকর্ড ভাঙছে শীত 

0
206
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
নিজেই নিজের রেকর্ড ভাঙছে বছর শেষের তাপমাত্রার পারদ। সান্তা টুপি, লাল জ্যাকেট, সাল-চাদর গায়ে দিয়ে রাজ্যবাসী ভেবেই নিয়েছিলো বড়দিনেই সবথেকে মোটা শীতের চাদর গায়ে দিয়েছিলো কলকাতা তথা রাজ্য।
কিন্তু সেই চিন্তাকে নস্যাৎ করে  প্রথমবার তাপমাত্রার পারদ ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। যাকে কলকাতা এবং সংলগ্ন এলাকায় মরশুমের শীতলতম দিন বলেই ধরে নেওয়া হয়েছে ।   সেই সঙ্গে রাজ্যের নানা প্রান্তে উত্তুরে হাওয়ার দাপট হাড় কাঁপাতে শুরু করেছে। কোচবিহারে প্রবল ঠান্ডার পরিস্থিতি নিয়ে আলাদা করে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। কুয়াশায় সেখানে দৃশ্যমানতা প্রায় শূন্য। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিনে রাতের পারদ এক থেকে দুই ডিগ্রি নামতে পারে। তার পরের তিন দিন আবার তাপমাত্রায় বড় কোনও হেরফের হবে না। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী সাত দিনে তাপমাত্রার তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। রাজ্যের সর্বত্রই কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে । এদিকে, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আগামী কয়েকদিনে পশ্চিমের জেলাগুলিতে ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১১-১৪ ডিগ্রি সেলসিয়াস।