
নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই আবহাওয়া বদলাতে শুরু করেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে।যারফলে বুধবার মরশুমের শীতলতম দিনের সাক্ষী রইল কলকাতা।
পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ইতিমধ্যেই নেমেছে ১৪ ডিগ্রিতে। এদিকে, দ্বিতীয় সপ্তাহেই রীতিমতো ঝোড়ো ব্যাটিং শুরু করেছে শীত’ও। আবহাওয়াবিদের মতে, দক্ষিণবঙ্গে মূলত উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা হাওয়ার প্রভাবেই শীত নামে। তবে উত্তরবঙ্গে আবহাওয়ার ধরণ একেবারেই আলাদা। তাই সেখানে পাকাপাকিভাবে শীত পড়তে শুরু করে দিয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে তা হতে একটু সময় লাগছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী পাঁচ দিন উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। তবে, হালকা ঠান্ডার এই পরিবেশই বজায় থাকবে।
এখনও পুরোপুরি শীত না এলেও ভোরের দিকে হালকা কুয়াশা, সকালে ঠান্ডা হাওয়া আর বিকেলে রোদে গরম- এই তিন মেজাজেই কাটছে কলকাতার দিন।
