
ধসের জেরে ফের বন্ধ করা হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। ভোরে সেবক করোনেশন ব্রিজের কাছে রাস্তার একটি বড় অংশের উপর ধস নামে। ফলে ওই সড়কে যান চলাচল আপাতত সম্পূর্ণ ভাবে বন্ধ রাখা হয়েছে।
যে ভাবে বড় আকারের পাথর রাস্তায় পড়েছে, তাতে ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করছে স্থানীয় প্রশাসন। শুক্রবার মধ্যরাত থেকেই দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে পাহাড়ে। তার জেরেই এই ধস বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, জাতীয় সড়কের অন্যান্য অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ধস না-সরানো হলে ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যাবে না বলেই অনুমান করছে প্রশাসন। ১০ নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি থেকে সিকিমে পৌঁছোনোর প্রধানতম রাস্তা।
ফলে এই সড়ককে সিকিমের লাইফলাইন বলা হয়ে থাকে। ফলে এই সড়ক বন্ধ থাকায় অনেকেই দুর্ভোগে পড়বেন। কালিম্পং জেলা প্রশাসনের তরফে বিকল্প রাস্তা হিসাবে লাভা এবং গরুবাথান হয়ে সিকিমে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
