
ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই তরুণী বছর ২০-র মাধুরী কর্মকার।
তাঁর বাড়ি মালদার ভূতনি থানার উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের পুলিনটোলা গ্রামে। মানিকচক কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন মাধুরী। ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে কম্পিউটার ক্লাস আছে বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই তরুণী। এরপরে ক্লাসে না গিয়ে কালিয়াচকের ফুলহার নদীর উপরে ভূতনি ব্রিজের উপরে এসে পৌঁছন মাধুরী। স্থানীয় মৎস্যজীবীরা দেখতে পান, ব্রিজের উপর থেকে নদীতে ঝাঁপ দিচ্ছেন তরুণী।
ঘটনার পরেই স্থানীয়রাই মাধুরীকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় মানিকচক থানায়। মাধুরীকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মাধুরীকে বাঁচানো যায়নি।








