
সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব ও মানসিক নির্যাতনের অভিযোগে আত্মঘাতী হয়েছেন এক কলেজ ছাত্রী। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েত এলাকার মনসাতলায়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতীর সন্ধ্যা দেবনাথ। সদ্য উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে চলতি শিক্ষাবর্ষেই কলেজে ভর্তি হয়েছিলেন তিনি। পরিবার সূত্রে অভিযোগ, পার্শ্ববর্তী মাঠপাড়া গো-ভাগাড় কলোনির বাসিন্দা রবি হালদার নামে এক যুবক দীর্ঘদিন ধরে সন্ধ্যাকে উত্যক্ত করছিল। অভিযোগ, রবিবার রাতে অভিযুক্ত যুবকের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে সন্ধ্যার মোবাইলে একটি হুমকিমূলক মেসেজ পাঠায়। ওই বার্তাই শেষ পর্যন্ত যুবতীর উপর চরম মানসিক চাপ সৃষ্টি করে বলে পরিবারের দাবি।
পরে ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সন্ধ্যার দেহ। দ্রুত স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
