
ওড়িশায় প্রেমিকের সঙ্গে রজ উৎসব পালন করতে গিয়ে ধর্ষণের শিকার ২০ বছরের তরুণী। অভিযোগ, প্রেমিকের সামনেই তাঁকে গণধর্ষণ করে ১০ জন। গঞ্জাম জেলার গোপালপুর সমুদ্রসৈকতের এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধেয় রজ উৎসব উদযাপন করতে গোপালপুর সৈকতে গিয়েছিলেন ওই তরুণী ও তাঁর প্রেমিক।
নির্জন এক জায়গায় বসে সময় কাটাচ্ছিলেন তাঁরা। সেই সময় তিনটি বাইকে চেপে প্রায় ১০ জন যুবক সেখানে হাজির হয়। অভিযোগ, ওই যুবকেরা প্রথমে দু’জনের ছবি তোলা শুরু করে এবং হুমকি দেয়, ছবিগুলি অনলাইনে ছড়িয়ে দেবে। এরপর প্রেমিককে বেধড়ক মারধর করে তাঁর হাত বেঁধে ফেলে। তরুণীকে টেনে নিয়ে যাওয়া হয় পাশের একটি ফাঁকা বাড়িতে, সেখানে ১০ জন মিলে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ।
এই ঘটনার পর কোনও রকমে সেখান থেকে বেরিয়ে গোপালপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ও ওই যুবক। গোটা ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত আট জন প্রাপ্তবয়স্ককে আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও কেউ এই ঘটনায় জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।








