
বালেশ্বর, পুরীর পর এ বার ওড়িশার কেন্দ্রপড়া জেলায় ফের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক তরুণীর। গত এক মাসের মধ্যে এই নিয়ে তৃতীয় বার এমন ঘটনা ঘটেছে।
বুধবার বাড়ি থেকেই তাঁর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। ঘটনার সময় ওই কলেজছাত্রী বাড়িতে একাই ছিলেন। এটি দুর্ঘটনা, নাকি ছাত্রী আত্মঘাতী হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। তবে পরিবারের অভিযোগ, তরুণীর উপর মানসিক নির্যাতন চালাতেন তাঁর প্রেমিক। পুলিশ সূত্রে খবর, গায়ে আগুন ধরার আগে ওই তরুণীর গায়ে কেরোসিন তেল পড়েছিল। ওই কেরোসিন তেল তিনি নিজেই নিজের গায়ে ঢেলেছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ঘটনার খবর পেয়েছেন ওড়িশার ডিজিপিও। এ বিষয়ে কেন্দ্রপড়ার পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন তিনি।
এখনও পর্যন্ত ঘটনার কোনও তদন্ত শুরু না হলেও বিষয়টি অনুসন্ধান করে দেখছে পুলিশ। এটি কোনও নিছক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কম বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
