
তৃণমূলকে সময় দিল নির্বাচন কমিশন। আগামী ২ ফেব্রুয়ারি, সোমবার বিকেল ৪টে নাগাদ তৃণমূলের প্রতিনিধিদলকে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যেতে বলা হয়েছে।
সূত্রের খবর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে এ কথা জানিয়েছে কমিশন। সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাবেন বলে খবর নবান্ন সূত্রে। তাঁর সঙ্গে থাকবেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ কয়েক জন সাংসদ। এ ছাড়া, এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের কয়েক জন সদস্য তৃণমূলের প্রতিনিধিদলে থাকতে পারেন।
কমিশন জানিয়েছে, তৃণমূলের মোট ১৫ জনের প্রতিনিধিদল নির্বাচন সদনে যেতে পারবে। কমিশনের কর্তাদের সঙ্গে এসআইআর নিয়ে তাঁদের বৈঠক হবে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, জীবিত হয়েও কমিশনের খাতায় যাঁরা মৃত, তাঁদের কয়েক জনকে ১৫ জনের প্রতিনিধিদলে রাখা হবে। ৪ নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে পশ্চিমবঙ্গে।








