
সংশোধিত খসড়া ভোটার তালিকা নিয়ে বিরোধীদের আলোচনার দাবির মধ্যে বিহারের দলগুলিকে খসড়া তালিকা তুলে দিয়েছে নির্বাচন কমিশন। ১ অগাস্ট খসড়া তালিকা প্রকাশের কথা আগেই জানিয়েছিল কমিশন। সেই মতো শুক্রবার ওই তালিকা তুলে দেওয়া হয়েছে। বিহারে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
তার আগে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন শুরু হয়েছে। কমিশন জানিয়েছে, খসড়া তালিকা প্রকাশ সেই প্রক্রিয়ারই অংশ। কমিশন জানিয়েছে, খসড়া তালিকা প্রকাশ সেই প্রক্রিয়ারই অংশ। এই তালিকা প্রকাশের পর তা নিয়ে কোনও আপত্তি আছে কিনা, এক মাসের মধ্যে তা কমিশনকে জানাতে হবে। কারও নাম বাদ দিতে হলে বা কারও নাম তালিকায় জুড়তে হলে সেই সংক্রান্ত আবেদন ১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে।
বিহারের এই এসআইআর নিয়ে একাধিক মামলা হয়েছে। অভিযোগ, ভোটারদের কাছ থেকে ভোটাধিকার যাচাইয়ের জন্য যে নথি চাওয়া হয়েছে, সেই তালিকায় আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের মতো সহজলভ্য নথি রাখা হয়নি। আদালতে তা নিয়ে আপত্তি তুলেছে বিরোধীরা। সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে।








