
বিহারে ভোটার তালিকা থেকে অত্যন্ত ৬৫ লক্ষ ভোটার বাদ পড়তে চলেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে বিহারে মোট ৭ কোটি ২৪ লক্ষ ফর্ম বিলি করা হয়েছিল প্রথম দফার সমীক্ষার জন্য। সংখ্যাটা মোট ভোটারের ৯১ দশমিক ছয় নয় শতাংশ। কমিশনের হিসাবে ৩৬ লক্ষ ভোটার তাঁদের পুরনো ঠিকানা ছেড়ে চলে গিয়েছেন। বর্তমানে স্থায়ী ভাবে অন্যত্র থাকেন তারা।
সেই সব রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার হয়ে গিয়েছেন। অনেকের সঙ্গে আবার যোগাযোগই করা যায়নি। সাত লক্ষ এরকম ভোটার রয়েছেন, যাঁদের একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম নথিভুক্ত রয়েছে। এই অবস্থায় বিহারে সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। বিভিন্ন রাজনৈতিক দলের হাতে ওই খসড়া তুলে দেওয়া হবে। জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, খসড়া তালিকাটির ডিজিটাল প্রতিলিপি ওয়েবসাইটে আপলোড করা হবে। বিহারের ৩৮ টি জেলায় ওই তালিকা পৌঁছে যাবে। মুখ্য নির্বাচন কমিশনারের বিবৃতি অনুযায়ী, বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং ২৪৩ জন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার দায়িত্ব রয়েছেন।
যে কোনও বিধানসভা কেন্দ্রের ভোটার বা যে কোনও মান্য রাজনৈতিক দলের প্রতিনিধি ১ সেপ্টেম্বরের মধ্যে ভোটার তালিকা নিয়ে অভিযোগ জানাতে পারবেন। কারও নাম বাদ পড়ে গিয়ে থাকে, তাঁর নাম জোড়ার জন্য আবেদন জানানো যাবে। এছাড়াও খসড়া তালিকায় অন্য যে কোনও সংশোধনের জন্য ১ সেপ্টেম্বরের মধ্যে আবেদন জানাতে পারবেন যে কেউ।






