
জল্পনার অবসান। ২০৩০ সালের ঐতিহ্যবাহী শতবর্ষ কমনওয়েলথ গেমসের আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। আর শতবর্ষে এই প্রতিযোগিতা বসবে নরেন্দ্র মোদির রাজ্য আমেদাবাদে।
বুধবার, গ্লাসগোতে বার্ষিক সাধারণ সভায় আহমেদাবাদকে সিলমোহর দিয়েছে ৭৪ সদস্য দেশ। ভারতের অলিম্পিক্স সংস্থার সভাপতি পিটি ঊষার হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হয়। কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং গুজরাট সরকারের প্রতিনিধিত্বকারী একটি প্রতিনিধি দল এই প্রতিযোগিতা আয়োজনের জন্য সরকারিভাবে দরপত্র জমা দিয়েছিল আগেই। লন্ডনে কমনওয়েলথ স্পোর্টের কাছে তারা এই বিড করেছিল। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী হর্ষ সাংভি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, কমনওয়েলথ গেমসের ১০০ বছর পূর্তি উপলক্ষে আমেদাবাদকে আয়োজক শহর হিসাবে স্থান দেওয়া হয়েছে। ২৭ অগাস্ট মেগা এই প্রতিযোগিতা বিড করার অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এরপর আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য বিড করে ভারত। আর বুধবার কমনওয়েলথ স্পোর্টস গভর্নিং বডির বৈঠকে অনুমোদন পেয়ে গিয়েছে আমেদাবাদ।
