
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া- এর চেয়ারপার্সন মাধবী পুরী বুচের বিরুদ্ধে লোকপালের কাছে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। অসদাচরণ এবং কুইড প্রো-কো ব্যবস্থায় জড়িত থাকার অভিযোগে তিনি এই অভিযোগ দায়ের করেছেন।
তিনি দুর্নীতি প্রতিরোধ আইন লঙ্ঘনের জন্য লোকপালের কাছে এই বিষয়ে তদন্তের আর্জি জানিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ। এক্স হ্যান্ডেলে মহুয়া মৈত্র লিখেছেন, মাধবী পুরী বুচের বিরুদ্ধে লোকপালের কাছে তাঁর অভিযোগ অনলাইনে এবং লিখিত আকারে দায়ের করা হয়েছে। লোকপালকে ৩০ দিনের মধ্যে প্রাথমিক তদন্তের জন্য সিবিআই/ইডির কাছে পাঠাতে হবে এবং তারপরে একটি সম্পূর্ণ এফআইআর তদন্ত করতে হবে। জড়িত প্রত্যেকজনকে তলব করা দরকার এবং প্রতিটি লিঙ্কের তদন্ত করা দরকার।তৃণমূল কংগ্রেস সাংসদের আরও প্রশ্ন, মাধবী পুরী বুচের ব্যাপারে অর্থমন্ত্রক নিশ্চুপ কেন। আসলে তাঁর পতন হলে প্রমাণিত হবে, আদানিদের ক্নিনচিট দেওয়ার বিষয়টি পুরোপুরি অসত্য। মহুয়া মৈত্র তাঁর অভিযোগপত্রে লিখেছেন, ভারতীয় স্টক মার্কেটে এখন প্রায় ১০ কোটি নাগরিক রয়েছে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ বিনিয়োগকারী। বিদেশী বিনিয়োগকারীরাও ভারতের স্টক মার্কেট এবং তার নিয়ন্ত্রকের বিশ্বাসযোগ্যতা এবং অখণ্ডতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সুতরাং, এটি জাতীয় স্বার্থের একটি গুরুতর বিষয় এবং এর ফলে অবিলম্বে আইনের লঙ্ঘনের জন্য তদন্ত করা উচিত।









