
গুজরাটি সম্প্রদায়ের মানুষের প্রতি অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে এবার ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
২ মে এক্স হ্যান্ডলে গুজরাটি সম্প্রদায়ের প্রতি অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এরই পরে বুধবার রাতে তৃণমূলের সাধারণ সম্পাদকের নামে অভিযোগ দায়ের করেছেন অর্ণবকান্তি দাস নামে এক ব্যক্তি। অভিযোগকারীর অভিযোগ, ওই পোস্টের ভাষা ও বিষয়বস্তু এতটাই সংবেদনশীল যে, তা সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় সংহতিকে বিঘ্নিত করতে পারে। একজন দায়িত্বশীল সাংসদ পদে থেকে কীভাবে তিনি এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই ব্যক্তি। প্রমাণ হিসেবে সোশাল মিডিয়ার সেই বিতর্কিত পোস্টের একটি কপিও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই প্রাথমিক অনুসন্ধান ও তদন্ত প্রক্রিয়া শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ।





