
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০০টিরও বেশি খাদ্যপণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে, কফি, গরুর মাংস, কলা এবং কমলার রস সহ অন্যান্য প্রধান খাদ্যপণ্য।
আমেরিকার নাগরিকদের মধ্যে বাজারের উচ্চ মূল্যের কারণে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হলো। বলা হচ্ছে, এই পদক্ষেপ ট্রাম্পের জন্য একটি বড় পরিবর্তন। কারণ তিনি আগে দাবি করেছিলেন, এ বছর যে আমদানির শুল্ক তিনি আরোপ করেছেন, তা মুদ্রাস্ফীতির কারণ নয়।প্রেসিডেন্ট ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, এতে কিছু ক্ষেত্রে দাম বাড়তে পারে। তবে তিনি দাবি করেন, আমেরিকায় প্রায় কোনো মুদ্রাস্ফীতি নেই। তিনি আরো জানান, সম্প্রতি ভার্জিনিয়া, নিউ জার্সি এবং নিউইয়র্ক সিটির নির্বাচনে ডেমোক্র্যাটরা বড় জয় পেয়েছে। যেখানে খাদ্যদ্রব্যের উচ্চ মূল্য নিয়ে জনগণের উদ্বেগ ছিল গুরুত্বপূর্ণ বিষয়।এ ছাড়া ট্রাম্প জানান, তিনি পরবর্তী বছরে কম আয়ের আমেরিকানদের জন্য ২ হাজার ডলারের একটি সরাসরি পেমেন্ট চালু করবেন, যা শুল্ক আয়ের মাধ্যমে অর্থায়িত হবে।
তিনি মন্তব্য করেন,এই শুল্ক আমাদের সেই ডিভিডেন্ড দেওয়ার সুযোগ দিবে। এদিকে ট্রাম্প প্রশাসন এক বাণিজ্য চুক্তির খসড়া ঘোষণা করেছে। যার মধ্যে আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়াতেমালা এবং এল সালভাদর থেকে কিছু খাদ্য ও অন্যান্য পণ্যের ওপর শুল্ক তুলে নেওয়া হবে।জানা যাচ্ছে আমেরিকান কর্তারা আরো চুক্তি করার পরিকল্পনা করেছেন বছরের শেষে।
