
আচমকা ফেঁসে গেলে আর টিকিট বাতিল করতে হবে না ট্রেনের। বরং তারিখ এগিয়ে বা পিছিয়ে নেওয়া সম্ভব হবে।
যাত্রীদের পকেটের কথা মাথায় রেখে নতুন নিয়ম নিয়ে এসেছে ভারতীয় রেল, যাতে টিকিট বাতিলের ঝামেলাও না থাকে, আবার টাকাও না কাটা যায়। দূরপাল্লার যাত্রায় এই প্রথম টিকিটের দিনক্ষণ পরিবর্তনের সুবিধা নিয়ে এসেছে ভারতীয় রেল। তবে এখনই নয়, আগামী বছর জানুয়ারি মাস থেকে এই নতুন সুবিধা পাবেন যাত্রীরা। কনফার্ম হয়ে যাওয়া টিকিটের ক্ষেত্রেও যাত্রার দিনক্ষণ পাল্টানো সম্ভব হবে। মঙ্গলবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা করেছেন। বর্তমানে যে নিয়ম চালু রয়েছে, তার আওতায়, শেষ মুহূর্তে পরিকল্পনা বাতিল হলে টিকিট বাতিল করা ছাড়া উপায় থাকে না। কনফার্ম হয়ে যাওয়া টিকিট বাতিল করলে নির্দিষ্ট হারে টাকাও কেটে নেয় রেল। ফলে পরিকল্পনাও ধাক্কা খায়, আবার অনেকগুলো টাকাও বেরিয়ে যায় পকেট থেকে।
তাই যাত্রীদের কথা মাথায় রেখেই নতুন নিয়ম বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।






