
অসম, কেরলম ও পদুচেরিতে সকাল থেকে চলছে ভোটদান পর্ব। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোটগ্রহনের সময় বিপত্তি বেধেছে। পুদুচেরির ভোটকেন্দ্রের বাইরে বিজেপি-এনআর কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে ঘিরে ছড়িয়েছে উত্তাপ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। মান্নাদিপেট বিধানসভা কেন্দ্রের থিরুক্কানুরে অবস্থিত সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের কাছে বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে একটি ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
কংগ্রেস ও বিজেপি প্রার্থীর সমর্থকরা একে অপরের বিরুদ্ধে ভোটকেন্দ্রের সন্নিকটে প্রচার চালানোর অভিযোগ তোলার পরই সংঘর্ষের সূত্রপাত হয়। মান্নাদিপেট কেন্দ্রে বিজেপি নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী এ. নমঃশিবায়ম কংগ্রেস প্রার্থী টিপিআর. সেলভামের সঙ্গে সরাসরি লড়াইয়ে জড়ান। ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয়।
