
বিজেপি সন্ত্রাসবাদী দল। এভাবেই প্রধানমন্ত্রীকে পাল্টা জবাব দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
সম্প্রতি কংগ্রেস দলকে আরবান নকশাল পার্টি বলে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদা বলেন, কংগ্রেস আরবান নকশাল পার্টি। আসলে তাঁর দলই সন্ত্রাসবাদী দল। গণপিটুনি দেয়, সাধারণ মানুষকে মারে, তপসিলির মুখে প্রস্রাব করে। যারা আদিবাসী সম্প্রদায়ের মহিলাকে ধর্ষণ করে, এই বিজেপি তাদের সমর্থন করে। বিজেপির সরকার যেখানে রয়েছে সেখানে তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষ অত্যাচারিত। বিজেপি দেশ ও মানুষের সম্পর্কে কোনও কথা বলে না, শুধুমাত্র নিজেদের দল নিয়ে দম্ভ করে বেড়ায়। হরিয়ানা নির্বাচনের ফল প্রসঙ্গে কংগ্রেস সভাপতি বলেছেন, গোটা দেশ জানাল কংগ্রেস জিতছে। এমনকি বিজেপি নেতারাও স্বীকার করে নিয়েছিল এবার পালাবদল হচ্ছে। এমন কী ঘটে গেল যে কংগ্রেস হারল। হরিয়ানাতে যা ঘটেছে তা বিশ্লেষণ করতে কংগ্রেস বৈঠকে বসতে চলেছে।
নির্বাচনের ফলাফল নিয়ে তাদের কাছে রিপোর্ট আসার পর সব স্পষ্ট হয়ে যাবে। সবাই জানত হরিয়ানায় কংগ্রেস জিতছে, তারপরও কার হাতের খেলায় সব পালটে গেল তা স্পষ্ট হবে।
ছবি সৌজন্যে : নিজস্ব








