
কংগ্রেস এবং সমাজবাদী পার্টি সিএএ নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে দেশকে অশান্তির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার উত্তরপ্রদেশের লালগঞ্জের সভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, হাজার হাজার পরিবার নির্যাতনের হাত থেকে বাঁচতে, মহিলাদের সম্মান বাঁচাতে ভারতে আশ্রয় নিয়েছিল। কিন্তু কংগ্রেস তাদের প্রতি উদাসীনতা দেখিয়েছে। কারণ তারা কংগ্রেসের ভোটব্যাঙ্ক নয়। বিরোধীরা ৭ দশক ধরে দেশকে সংগ্রাম করতে বাধ্য করেছে। কিন্তু নরেন্দ্র মোদী জম্মু-কাশ্মীরে শান্তির গ্যারান্টি দিয়েছেন। ৩৭০ ধারা বাতিল করা হয়েছে। আগে যখনই কাশ্মীরে নির্বাচন হয়েছে, মানুষ হরতাল, সন্ত্রাসবাদী হুমকি সব কিছুর সাক্ষী থেকেছে। কিন্তু এবার শ্রীনগর আগের নির্বাচনের রেকর্ড ভাঙতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রীর কথায়, এসপি, কংগ্রেস সিএএ নিয়ে ভুয়ো ছড়িয়েছে এবং দেশকে অশান্তির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। তবে নরেন্দ্র মোদীর গ্যারান্টির সর্বশেষ উদাহরণ হল সিএএ। বুধবারই সিএএ আইনে শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হয়েছে।








