
পশ্চিম এশিয়ার যুদ্ধ এবং তার জেরে তৈরি হওয়া পরিস্থিতিতে কংগ্রেস নেতিবাচক রাজনীতি করছে বলে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার অসমের শিলচরে নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, আন্তর্জাতিক এই সঙ্কটের আবহে দেশবাসীর পাশে না দাঁড়িয়ে উল্টে মানুষের মনে আতঙ্ক ছড়াচ্ছে কংগ্রেস। তাঁর কথায়, ভারতের উন্নয়ন যারা সহ্য করতে পারছে না, কংগ্রেস আজ সেই সব অশুভ শক্তির হাতের পুতুলে পরিণত হয়েছে। নরেন্দ্র মোদীর ভাষায়, বিশ্বজুড়ে এমন কিছু শক্তি রয়েছে যারা ভারতের দ্রুত উন্নতি হজম করতে পারছে না।
কংগ্রেস সেই সব দেশবিরোধী শক্তির ইশারায় নাচছে। প্রধানমন্ত্রীর দাবি, ভারতের মনোবল ভেঙে দিতেই সুপরিকল্পিতভাবে এই আতঙ্ক ছড়ানোর রাজনীতি শুরু করেছে কংগ্রেস-শিবির।







