
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করছে কেন্দ্র সরকার। অথচ তা নিয়ে রাজনীতি করছে কংগ্রেস। কেরালামের কোচিতে এক জনসভা থেকে এমনই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার ও তাঁকে বদনাম করার জন্যই কংগ্রেস পরিকল্পিতভাবে মিথ্য়া প্রচারের আশ্রয় নিয়েছে। তিনি বলেছেন, এই সঙ্কটের সময় কংগ্রেস রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। যা গুরুতর দুর্ভাগ্যজনক বিষয়। যুদ্ধের মধ্যে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে কংগ্রেস ইচ্ছাকৃতভাবে নানা মন্তব্য করছে, যাতে বিদেশে আটকে থাকা ভারতীয়রা সেখানেই থেকে যায় এবং সেই সুযোগে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক প্রচার চালানো যায়। নরেন্দ্র মোদীর আরও সংযোজন, কংগ্রেস ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছে যাতে পরিস্থিতি আরও খারাপ হয়। যাতে আমাদের মানুষ সেই সঙ্কটে আটকে থাকে।
এই পরিস্থিতিতে ভারতের আত্মনির্ভর হওয়া যে কতটা প্রয়োজনীয় সেটাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং তার ফলে তৈরি হওয়া জ্বালানি সংকট দেখিয়ে দিচ্ছে যে ভারতের জন্য আত্মনির্ভর হওয়া কতটা জরুরি।






