
হাতে মেহেন্দি, গলায় স্কার্ফ, শরীরে নির্যাতনের চিহ্ন, হরিয়ানার রোহতক শহরে বাসস্ট্যান্ডের পাশে একটি পরিত্যক্ত নীল স্যুটকেস থেকে কংগ্রেস নেত্রীর দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, তরুণীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং তারপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি স্যুটকেসে ভরে বাসস্ট্যান্ডে ফেলে দেওয়া হয়েছে। বিষয়টি জানাজানি হতেই রোহতকের কংগ্রেস বিধায়ক ভারত ভূষণ বাত্রার দাবি, ওই তরুণীর নাম হিমানি নারওয়াল, যিনি কংগ্রেস দলের একজন সক্রিয় কর্মী ছিলেন।
তিনি জানান, হিমানি দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ছিলেন। এছাড়া রাহুল গান্ধী’র ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছিলেন। সাম্পলা থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তরুণীর বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। এদিকে হিমানিকে নৃশংস খুনের ঘটনায় সরগরম হরিয়ানার রাজনীতি। বিধায়ক বলেন, এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হওয়া দরকার। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কয়েক বছর আগে হিমানির বাবা আত্মহত্যা করেছিলেন এবং তাঁর ভাইকেও খুন করা হয়েছিল। এবার খুন হতে হল হিমানিকে।








