
কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামীর উপর নৃশংস হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। হামলার জেরে গুরতর আঘাত লেগেছে মাথায়, চোখেও।
মালদার চাঁচল থানার শাহবাজপুর গ্রামের ঘটনা। অভিযোগ, চাঁচল ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যা নাশেদা খাতুনের স্বামী তথা কংগ্রেস নেতা মর্তুজ আলমকে বাড়ি থেকে বের করে মারধর করা হয় বলে অভিযোগ। লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয় বলে দাবি পরিবারের।
আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। আহত নেতার স্ত্রী নাশেদা খাতুনের অভিযোগ, এলাকার তৃণমূল কর্মী রাজেশ ও মিরাজরা বাড়িতে ঢুকে তাঁর স্বামীকে টেনে বাইরে বের করে বেধড়ক মারধর করে। লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়। কদিন ধরেই এলাকায় কংগ্রেস, তৃণমূলের মধ্যে উত্তেজনা চলছিল। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
