
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে কুরুচিকর মন্তব্যের অভিযোগ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের বিরুদ্ধে। তামিলনাড়ুর বিধানসভা ভোটের প্রচারে গিয়ে এক সাংবাদিক বৈঠক করেন খড়্গে।
অভিযোগ, সেখানে তিনি প্রধানমন্ত্রী মোদীকে সন্ত্রাসবাদী বলে চিহ্নিত করেছেন। এর পরে এক সাংবাদিক প্রশ্ন তুললে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি বলেছেন, তিনি বলতে চেয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলোকে আতঙ্কিত করছেন। তিনি প্রধানমন্ত্রীকে সন্ত্রাসবাদী বলেন নি। যদিও ভোটপ্রচারের শেষ দিনে খড়গের মন্তব্যকে হাতিয়ার করেছে বিজেপি। কংগ্রেসকে ,শহুরে নকশালদের দল বলেছে তারা। ওদিকে সাংবাদিক বৈঠকে তামিলনাড়ুর ভোটে বিজেপির সহযোগী এডিএমকে-কেও তীব্র ভাষায় আক্রমণ করেছেন মল্লিকার্জুন খড়্গে। কংগ্রেস সভাপতি বলেছেন,এই এডিএমকের লোকেরা, যাঁরা দ্রাবিড় আন্দোলনের নেতা আন্নাদুরাইয়ের ছবি ব্যবহার করেন, তাঁরা কী ভাবে মোদীর সঙ্গে যোগ দিতে পারেন?
মোদীর দল সমতা ও ন্যায়বিচারে বিশ্বাস করে না। এডিএমকে, মোদীর সঙ্গে হাত মিলিয়ে আন্নাদুরাই, কামরাজ, পেরিয়ার, করুণানিধি, বাবা সাহেব অম্বেডকরের দর্শনকে দুর্বল করছে।
