ইম্ফলে মোদীর সভাস্থলের কাছে কংগ্রেসের বিক্ষোভ

0
95
ছবি সৌজন্যে : এক্স
ইম্ফলে পৌঁছে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ইম্ফলের কাংলা দুর্গের মাঠে, প্রধানমন্ত্রীর সভাস্থলের কাছেই বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেস কর্মী-সমর্থকদের একাংশ। বিক্ষোভ শুরু হতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের কাছের কংগ্রেস দফতরে ঢুকিয়ে দেয়। 
এদিকে, মণিপুরে ২০২৩ সালের কুকি-মেইতেই জাতিদাঙ্গার পর শনিবার প্রথম উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তা নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছেন তিনি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মোদীর সফরকে একটা প্রহসন বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বুড়ি ছুঁতে সেখানে গিয়েছেন প্রধানমন্ত্রী। রাজ্যের দুর্দশাপীড়িত মানুষের প্রতি এটাও এক ধরনের অপমান। কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীও নরেন্দ্র মোদীর মণিপুর সফর নিয়ে ব্যাপক নিন্দা করেন। তিনি বলেছেন, দু’বছর পর উনি মণিপুর যাচ্ছেন শুনে তিনি খুশি হয়েছেন। কিন্তু, এটাই তো উনি প্রথমেই যেতে পারতেন। অনেক আগেই তাঁর যাওয়া উচিত ছিল। কেরলের ওয়ানাড়ের এমপি প্রিয়ঙ্কার কথায়, ওখানে যা ঘটেছে, তা উনিই ঘটতে দিয়েছেন।
দীর্ঘদিন ধরে উনি চলতে দিয়েছেন হিংসা, এটাও বিরাট দুর্ভাগ্যের বিষয়। সেকারণেই মণিপুরে এত প্রাণহানি হয়েছে। ভারতের কোনও প্রধানমন্ত্রীরই এ ধরনের রেকর্ড নেই। এদেশের ঐতিহ্যই হচ্ছে, যখনই আর্ত মানুষের চিৎকার শোনা গিয়েছে, সেখানেই গিয়েছেন প্রধানমন্ত্রীরা।