
মঙ্গলবার অযোধ্যার রামমন্দিরে যাওয়ার কথা কংগ্রেসের প্রতিনিধিদলের। তার ঠিক আগেই দলের প্রদেশ সভাপতি অজয় রাইকে গৃহবন্দি করে রাখার অভিযোগ তুলেছে কংগ্রেস। তাদের দাবি, সোমবার সন্ধ্যা থেকে অযোধ্যার একটি হোটেলে বন্দি করে রাখা হয়েছে অজয়-কে।
পুলিশ-প্রশাসনের এমন পদক্ষেপ নিয়ে মুখ খুলেছেন উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতিও। সে রাজ্যের সরকারের ভূমিকাকে স্বৈরাচারী এবং কাপুরুষোচিত বলেও সমালোচনা করেছেন অজয়। অযোধ্যার রামমন্দিরের প্রণামীর টাকা চুরির অভিযোগ ঘিরে গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছে।
ওই ঘটনায় ইতিমধ্যে আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিবিআই-এর নেতৃত্বে নিরপেক্ষ তদন্তের আর্জিতে মামলা হয়েছে সুপ্রিম কোর্টেও। এ অবস্থায় মঙ্গলবার রামমন্দির দর্শনে যাওয়ার কথা কংগ্রেসের প্রতিনিধি দলের। ওই প্রতিনিধি দলের নেতৃত্বে থাকার কথা ছিল অজয়ের। তবে এরই মধ্যে সোমবার বেশি রাতের দিকে ভিডিয়ো পোস্ট করে অজয় দাবি করেন, পুলিশ তাঁকে গ্রেফতার করে নিয়েছে।
