
একদিকে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিসার্চের আনা অভিযোগে শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি কর্ণধার মাধবী পুরী বুচের নাম জড়ানোর ঘটনার তদন্ত দাবি। অন্যদিকে দেশে চড়া বেকারত্বে রাশ টানতে ও তরুণ প্রজন্মকে কাজের সুযোগ করে দিতে নরেন্দ্র মোদী সরকারের ব্যর্থতা।
এই দুই বিষয় নিয়ে কেন্দ্রকে নিশানা করেছে কংগ্রেস। যন্তরমন্তর-সহ সারা দেশে প্রতিবাদ সমাবেশে ফের যৌথ সংসদীয় কমিটি তৈরি করে তদন্ত এবং মাধবী পুরী বুচের পদত্যাগ দাবি করেছে কংগ্রেস। কংগ্রেস নেতা সচিন পাইলট বলেছেন, যদি কেন্দ্র ভুল না করে থাকে, তাহলে জেপিসি তৈরি করছেন না কেন।সারা দেশের এই কথা শোনা উচিত এবং বোঝা দরকার যে কংগ্রেস জেপিসি-র মাধ্যমে স্বচ্ছ তদন্ত চায়।এদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের কটাক্ষ, অর্থনীতি সামাল দিতে ব্যর্থ কেন্দ্র। ২০২২-২৩ সালে দেশে ২.৪৩ লাখ মানুষ কাজ হারিয়েছেন। ৩৭৫টি সংস্থায় বিপুল ছাঁটাই হয়েছে।অজৈবিক প্রধানমন্ত্রী বছরে দু’কোটি চাকরি তৈরি, ৮ কোটি কাজের সুযোগ করে দেওয়ার কথা বলেন। কিন্তু সত্যিটা হল দেশ বেকারত্বে জর্জরিত। দুঃখের বিষয় নিজেকে ভগবানের অবতার বলে দাবি করা ব্যক্তির পরিস্থিতি সামলানোর পরিকল্পনা নেই।
