কর্নাটকে আপাতত মুখ্যমন্ত্রী বদলাচ্ছে না কংগ্রেস

0
33
ছবি সৌজন্যে : এক্স

কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে আপাতত বহাল থাকছেন সিদ্দারামাইয়া।উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের অনুগতেরা দাবি তুললেও আপাতত কংগ্রেস হাইকমান্ড সরকারের নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনায় জল ঢেলে দিলেন।

এমনকি, দলের শীর্ষনেতাদের বৈঠকেও কর্নাটকে নেতৃত্বের পরিবর্তন নিয়ে কোনও আলোচনা হয়নি বলে কংগ্রেসের দাবি। দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের বাংলোয় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে একটি বৈঠক হয়। সেখানে সিদ্দারামাইয়া এবং শিবকুমারের পাশাপাশি, এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এবং কর্নাটকের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক রণদীপ সিংহ সুরজেওয়ালা ছ’ঘণ্টার ওই রুদ্ধদ্বার হাজির ছিলেন। বৈঠক শেষ হওয়ার পরে সিদ্দারামাইয়া এবং শিবকুমার দু’জনেরই উপস্থিতিতে বেণুগোপাল সাংবাদিকদের বলেছেন, মুখ্যমন্ত্রী পদে বদলের সম্ভাবনা নিয়ে কোনও কথা হয়নি। আলোচনা শুধুমাত্র ১৮ জুনের রাজ্যসভা নির্বাচন এবং বিধান পরিষদের ভোট নিয়েই হয়েছে। রাহুল-ঘনিষ্ঠ বেণুগোপালের এই ঘোষণার ফলে খড়্গের রাজ্যে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জল্পনায় আপাতত ইতি ঘটল বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গত সাত মাস ধরেই কর্নাটক কংগ্রেসের অন্দরে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে দড়ি টানাটানি চলছে। উপমুখ্যমন্ত্রী শিবকুমারকে মুখ্যমন্ত্রী করার দাবি উঠেছে দলের অন্দরেই।

দিল্লিতে কর্নাটকের কংগ্রেস বিধায়কদের একাংশ কয়েক মাস আগে দলের নেতৃত্বের সঙ্গে দেখা করার পর সেই জল্পনা আরও বেড়ে যায়।