
টিভিতে লাইভ বিতর্ক চলাকালীন এবার রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রাক্তন এবিভিপি নেতার ওই হুমকির পরই উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছে কংগ্রেস।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল চিঠিতে আর্জি জানিয়ে লিখেছেন, দ্রুত ওই বিজেপি নেতাকে গ্রেফতার করা হোক এবং বিরোধী দলনেতার নিরাপত্তা নিশ্চিত করা হোক। কেসি বেণুগোপাল চিঠিতে লিখেছেন, কেরল বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব এক টেলিভিশন বিতর্কে বলেছেন, রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে। রাজনৈতিক মতপার্থক্য সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকেই মেটানো উচিত।
কিন্তু বিজেপি নেতারা টিভিতে সরাসরি বিতর্কে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার হুমকি দিচ্ছেন। রাহুল গান্ধীর আরএসএস-বিজেপি মতাদর্শের বিরুদ্ধে করা দৃঢ় লড়াই তাদের কাঁপিয়ে দিয়েছে। বেণুগোপাল বলছেন, এটা অসাবধানতাবশত উচ্চারিত কোনও কথা নয় বা হঠাৎ আবেগের বশে বলে ফেলা কথা নয়। বেণুগোপাল স্মরণ করিয়ে দিয়েছেন, গান্ধী পরিবারের সদস্যদের উপর হামলার বহু অতীত ইতিহাস রয়েছে।।
