
শুধু আর্থিক প্রতারণা নয়। ন্যাশনাল হেরাল্ড মামলায় এবার রাহুল গান্ধী এবং সনিয়া গান্ধীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ দায়ের হয়েছে।
দিল্লি পুলিশ ওই বিপুল আর্থিক প্রতারণার অভিযোগে নতুন একটি এফআইআর দায়ের করেছে বলে খবর। ওই এফআইআরে রাহুল গান্ধী, সনিয়া গান্ধী, স্যাম পিত্রোদা-সহ মোট ছ’জনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের আওতায় আনা হয়েছে অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেড, ইয়ং ইন্ডিয়ান এবং ডটেক্স মার্চেন্ডাইস নামের ৩ সংস্থাকেও। অভিযোগ, এই ডটেক্স মার্চেন্ডাইস প্রাইভেট লিমিটেড একটি শেল কোম্পানি।
যার মাধ্যমে ১ কোটি টাকা গিয়েছে রাহুল গান্ধীর সংস্থা ইয়ং ইন্ডিয়ানের অ্যাকাউন্টে। সেখান থেকেই ৫০ লক্ষ টাকা দিয়ে অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের সব সম্পত্তি দখল করে ইয়ং ইন্ডিয়ান। এই অভিযোগ প্রমাণিত হলে রাহুলরা ভালোরকম বিপদে পড়ে যেতে পারেন। এই মামলায় দোষী সাব্যস্ত হলে সাংসদ পদও বাতিল হতে পারে রাহুলদের।








