
জরুরি অবস্থাকে ভারতের ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় হিসাবে দাবি করেছেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। তিনি জানান, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় যাঁরা রুখে দাঁড়িয়েছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন তিনি।
সংবিধানের ৩৫২ নম্বর অনুচ্ছেদের আওতায় ১৯৭৫ সালের ২৫ জুন থেকে ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত ভারতে জরুরি অবস্থা জারি ছিল। এর ফলে রাজ্যের কর্তৃত্ব কেন্দ্রীয় নিয়ন্ত্রণের অধীনে চলে আসে। ২০২৫ সাল থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জরুরি অবস্থা জারির দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করছে।
এদিকে, সংবিধান হত্যা দিবস স্মরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, আজ সেই সমস্ত মানুষদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, যাঁরা ভারতের ইতিহাসের অন্যতম অন্ধকারতম অধ্যায়, জরুরি অবস্থার সময়, গণতান্ত্রিক মূল্যবোধকে অবিচলভাবে রক্ষা করেছিলেন। জরুরি অবস্থা ছিল সংবিধানের উপর একটি সরাসরি আঘাত। এই সময়ে নাগরিক স্বাধীনতা স্থগিত করা হয়েছিল, মত প্রকাশের স্বাধীনতায় বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, রাজনৈতিক নেতা, সাংবাদিক, সমাজকর্মীদের গ্রেফতার করা হয়েছিল এবং গণতন্ত্রের ভিত্তিপ্রস্তরস্বরূপ প্রতিষ্ঠানগুলোর উপর আঘাত হানা হয়েছিল।
